রাহুলের খুনে ব্যাটিংয়ে আবার হারল চেন্নাই!
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
পরাজয়ের
হ্যাটট্রিক করে ফেলল সবার আগে প্লে অফ নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি রাজস্থান ও দিল্লির কাছে হারার পর আজ
হেরেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আগে ব্যাটিংয়ে নাম চেন্নাইয়ের সাদামাটা
সংগ্রহের বিপরীতে বিধ্বংসী ব্যাটিং করেছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।
২৩৩.৩৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে দলকে একাই ৬ উইকেটের জয় এনে দিয়েছেন
পাঞ্জাব অধিনায়ক।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং
বেছে নেয় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি চেন্নাই। নিয়মিত
বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। এক ম্যাচ আগে সেঞ্চুরি করে রুতুরাজ ১৪ বলে
১২ রানে আউট হন। তবে অপর ওপেনার ফাফ ডু প্লেসিস খেলেন ৫৫ বলে ৭৬ রানের
ইনিংস। এই ইনিংসটাই মূলত চেন্নাইয়ের ভিত গড়ে দেয়। এছাড়া মঈন আলী ০, রবিন
উত্থাপা ২, আম্বাতি রাইডু ৪ আর অধিনায়ক ধোনি ১৫ বলে ১২ রান করেন। মারকুটে
রবীন্দ্র জাদেজাও হাত খুলতে পারেননি। ১৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৩৪ রান।
রান তাড়ায় নেমে দুর্র্ধষ
শুরু করে পাঞ্জাব। অধিনায়ক তথা ওপেনার লোকেশ রাহুলের ব্যাটের ছোঁয়ায়
বলগুলো আছড়ে পড়ছিল সীমানায়। আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ১২ বলে ১২ রানে
আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন এইডেন মার্করাম। এছাড়া সরফরাজ ০ আর
শাহরুখ ৮ রান করেন। পুরো দলে একাই জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক লোকেশ
রাহুল। খুনে ব্যাটিংয়ে খেলেন ৪২ বলে অপরাজিত ৯৮* রানের বিধ্বংসী ইনিংস।
যাতে ছিল ৭টি চার এবং ৮টি ছক্কার মার। অধিনায়কের এমন ব্যাটিংয়ে মাত্র ১৩
ওভারে জিতে যায় পাঞ্জাব কিংস।