ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ বছর আগে অপহৃত সন্তান খুঁজে পেলেন বাবা
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
বাড়ির সামনে থেকে দুই বছর বয়সী সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুই ব্যক্তি। তাকে ফিরে পেতে ২৪ বছর মোটরসাইকেল চালিয়ে পাঁচ লাখেরও বেশি কিলোমিটার ভ্রমণ করে ফেলেছেন বাবা। অবশেষে সেই সন্তান খুঁজে পেয়েছেন চীনের বাসিন্দা গুয়ো গ্যাংট্যাং। পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাবা-ছেলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরে সন্দেহভাজন দুই অপহরণকারীকে শনাক্তের পর গ্রেফতারও করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
চীনের শানডং প্রদেশের বাসিন্দা গুয়ো গ্যাংট্যাং। ১৯৯৭ সালে বাড়ির সামনেই খেলছিলো তাদের সন্তান। ওই সময়ে সন্দেহভাজন দুই অপহরণকারী ওই এলাকায় ডেটিং করছিলো। টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশে এক শিশুকে অপহরণের পরিকল্পনা ছিলো তাদের।
গুয়ো গ্যাংটংয়ের সন্তানকে খেলতে দেখার পর নারী অপহরণকারী ট্যান তাকে ধরে নিয়ে কাছের একটি বাস স্টেশনে চলে যায়। সেখানে অপেক্ষায় ছিলো তার সহযোগী হু। পরে এই যুগল একটি বাসে চড়ে শিশুটিকে পার্শ্ববর্তী হেনান প্রদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।
হেনান প্রদেশে বসবাস করা অবস্থায় পাওয়া গেছে গুয়ো গ্যাংট্যাংয়ের ছেলেকে। সাংবাদিকদের তিনি বলেন, ‘ছেলেকে পেয়েছি, এখন থেকে সবকিছুতেই খুশি হতে পারবো।’
ছেলে হারানোর পর চীনের ২০টি প্রদেশ মোটরসাইকেলে করে ঘুরে বেড়িয়েছেন গুয়ো গ্যাংট্যাং। এই সময়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে, রাস্তায় ডাকাতের কবলে পড়েছেন। দশটি মোটরসাইকেল ভেঙে গেছে। কিন্তু থামেনি বাবা হিসেবে সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।
সন্তানের ছবিসহন একটি ব্যানার নিয়ে ছুটে বেড়িয়েছেন গুয়ো গ্যাংট্যাং। জীবনের জমানো সব সম্পদ ব্যয় করেছেন এই যাত্রায়। আবার কখনও টাকা শেষ হয়ে গেলে রাস্তায় ঘুমিয়েছেন আবার রাস্তায় ভিক্ষাও করেছেন।
সন্তান খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের খুঁজে ফেরার একটি গ্রুপের পরিচিত সদস্য হয়ে ওঠেন গুয়ো গ্যাংট্যাং। অপহৃত হয়ে যাওয়া অন্তত সাতজন বাবা-মায়ের কাছে তাদের সন্তান ফিরিয়ে দিতে সহায়তা করেছেন তিনি।
গুয়ো গ্যাংটংয়ের সন্তানকে শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবুতে এক ব্যক্তি লিখেছেন, ‘অন্য বাবা-মা হলে হয়তো অনেক আগেই আশা ছেড়ে দিতেন। তিনি সত্যিই অসাধারণ আর আমি সত্যিই আনন্দিত।’
উল্লেখ্য, গত কয়েক দশক ধরেই চীনে শিশু অপহরণ বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালের এক হিসেবে দেখা যায় দেশটিতে প্রতিবছর গড়ে ২০ হাজার শিশু অপহৃত হয়। এর অনেককেই দেশে-বিদেশে বিক্রি করে দেওয়া হয়ে থাকে।