Published : Wednesday, 7 July, 2021 at 12:45 PM, Update: 07.07.2021 12:47:06 PM
ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। এবার ইউরোর দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষা। দ্বিতীয় সেমিফাইনালে কে জিতবে? কখনো ফাইনালে পৌঁছাতে না পারা ইংল্যান্ড নাকি ১৯৯২ সালের মতো রূপ কথার জন্ম দেওয়া ডেনমার্ক। উত্তর জানা যাবে আজ বুধবার রাত ১টায়। ম্যাচটি দেখাবে সনি টেন-২।
ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে অসাধ্য সাধন করতে হবে ইংলিশদের। যারা সর্বশেষ বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ৫৫ বছর আগে! ইউরোতেও শেষ চারের টিকিট কাটা হয়েছে দীর্ঘ ২৫ বছর পর। তাই অপেক্ষার প্রহর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাপটাও টের পাচ্ছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনতো বলেই দিলেন, ‘হয় এবার, নাহলে কখনোই না।’
কোচ সাউথগেটও দেখা গেলো আত্মবিশ্বাসী, ‘সব বাধা চূর্ণ করেছি। এখন আমাদের সুবর্ণ সুযোগ। যেহেতু ইউরো ফাইনালে কখনো উঠতে পারিনি, সেটি করতে পারলে বিষয়টি আরও রোমাঞ্চকর হবে।’
মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি ইংলিশদের। তাদের ১৩ জয়ের বিপরীতে ডেনমার্কের জয় ৫টি, ড্র ৫টি। কিন্তু টুর্নামেন্টের শুরুতে দুই ম্যাচ হেরে গিয়েও যে দলটি শিরোপার অন্যতম দাবিদার হয়ে যায়, তাদের নিয়ে স্বস্তিতে থাকার কথা নয় ইংল্যান্ডের। সব মিলে তাই জমজমাট এক লড়াই অপেক্ষা করছে দ্বিতীয় সেমিফাইনালে।