বগুড়ায় বয়ে গেল কালবৈশাখী ঝড়
Published : Sunday, 4 April, 2021 at 7:36 PM
বগুড়ার উপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড়। রবিবার বিকাল সোয়া ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝড় বয়ে যায়। ঝড়ের আগে শহর এলাকায় অন্ধকার নেমে আসে। ঝড়ের পর যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। শহরের মধ্যে জন শুন্য হয়ে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন।
শহরের মধ্যে ঝড়ের দাপট ততটা বোঝা না গেলেও শহরতলী ও গ্রামে গাছপালা ভেঙ্গে পড়েছে। কোথাও কোথাও শিলা বৃষ্টির কারণে উঠতি ফসলের ক্ষেত জৈষ্ঠ্য মাসের ফল আম, তরমুজ, বাঙ্গি, লিচু ও কাঁঠাল ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু কিছু এলাকার কাঁচা ঘরের টিনের চালা উড়ে গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে অর্ধশত ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে।
বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, কিছু কিছু এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এখনো পর্যন্ত বড় ধরণের ক্ষয় ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেলে প্রশাসন থেকে সাধ্যমত সহযোগিতা করা যাবে। তার প্রস্তুতিও নেওয়া রয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সরকারিভাবে ক্ষয়ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি।
বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের আবু মুসা জানান, তার এলাকায় প্রচন্ড দমকা বাতাসের সাথে শিলাবৃষ্টি ঝড়ে গেছে। প্রায় আধাঘন্টা ব্যাপী ঝড়ে বোরোর ফুলতে ধান শীষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছুকিছু এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে। তাছাড়া মাঠে থাকা মরিচ, ভুট্টা ও গ্রীষ্মকালীন সবজির কিছু কিছু ক্ষতি হয়েছে।