
সুদানের উনামিড শান্তিরক্ষা মিশনে হলো জয় বাংলা ভলিবল টুর্নামেন্টে’।
এতে চ্যাম্পিয়ন হয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়া। সোমবার ফাইনালে তারা প্রতিপক্ষ মিশরকে ২-১ ব্যবধানে হারায়।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের আয়োজনে ইউনিটের বঙ্গবন্ধু ক্যাম্প মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ হয় দ্বিতীয় রানার আপ, জিবুতি তৃতীয় রানার আপ হয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের উনামিড মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না।
তিনি চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে মুজিব বর্ষের লোগো সম্বলিত পদক পরিয়ে দেন।
সাত জাতির অংশগ্রহণে টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন আহমাদো মান্না।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “কোনো দেশের জাতীয় স্লোগান নিয়ে এই মিশন এলাকাতে ভলিবল প্রতিযোগিতা এই প্রথম এবং এটা মাইলফলক হিসাবে ইতিহাস হয়ে রইল।”
এমন টুর্নামেন্ট আয়োজন করার জন্য বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া জানান, শান্তিরক্ষা মিশনে থাকা সাতটি দেশের প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশ নেন। দেশগুলো হল- বাংলাদেশ, জিবুতি, মঙ্গোলিয়া, জর্ডান, মিশর, গাম্বিয়া ও সামোয়া।
গত ২২ জানুয়ারি ‘জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়। ১০ দিনের এই ভবিবল টুর্নামেন্ট বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে প্রথম আয়োজন।
অপস অফিসার মাসুক মিয়া বলেন, “ইতিমধ্যে ব্যানএফপিইউ কমান্ডারের নের্তৃত্বে আমরা বিদেশের মাটিতে দুইবার মিনি ম্যারাথনসহ জাতির পিতাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিতে নানা কর্মসূচি গ্রহণ করেছি।”