Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM, Update: 02.02.2021 1:14:32 AM

মাসুদ
আলম।। ভাষার মাস পয়লা ফেব্রুয়ারি থেকে কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন
ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) নগর শিশু উদ্যানের
জামতলায় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সংগঠনের
প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের
সভাপতিত্বে রেজাউল হক রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার
চিকিৎসক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠক পারভীন হাসানাত, সাংবাদিক মোতাহের
হোসেন মাহবুব, অশোক বডুয়া, আইরীন আহমেদ, নীলিমা ইসলাম, সালমা আক্তার
প্রমুখ।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল
ফজল মীর বলেন, কুমিল্লা গৌরবের রাজধানী। বাংলাভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা
করার জন্য সর্বপ্রথম দাবি তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। তিনি
কুমিল্লারই সন্তান। তাই কুমিল্লার সন্তানদের কাছে আমার সবচেয়ে বেশি আকুল
আবেদন থাকবে আগে শুদ্ধভাবে মাতৃভাষা শিখার জন্য। এবারের ২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদপাযনে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে
পুষ্পস্তবক অর্পণ ছাড়াও শিক্ষার্থীদের জন্য শহীদ দিবস ও ভাষা আন্দোলন বিষয়ক
নান্দনিক হস্তাক্ষর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কবিতা
আবৃত্তি, ভাষা আন্দোলন বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং শুদ্ধ বাংলা ভাষা বলার
প্রতিযোগিতা আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, আমরা অনেক সংগঠন করি।
কিন্তু তিন নদী পরিষদ সব সংগঠনের উর্ধে। তিন নদী পরিষদের কার্যক্রমকে সবাই
মিলে সহযোগিতা করা প্রয়োজন।
এদিকে সভাপতির বক্তব্যে আবুল হাসানাত
বাবুল বলেন, তিন নদী পরিষদ ৩৮ বছর ধরে ধারাবাহিক ভাবে ২১ দিন ব্যাপী এ
অনুষ্ঠান করছে। আমাদের কোন প্রত্যাশা নেই। শুধু একটা পাওয়া আছে, পরের
প্রজন্ম যেন, এ অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখে। এ অনুষ্ঠান আয়োজনে যারা
সহযোগীতা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।