ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবারিত বিস্ময় বুদবুদি ছড়া
Published : Monday, 4 January, 2021 at 5:23 PM
অবারিত বিস্ময় বুদবুদি ছড়ামাথার সিঁথির মতো সরু মেঠোপথ। সবুজের বুক চিরে সাদা ফিতার মতো এগিয়েছে। দু’পাশের ধানক্ষেত দামাল বাতাসে আয়েশ করে দুলছে। সামনে একটা চড়াই। পাহাড়ের রাজ্য শুরু। এই পাহাড় কেটেই রাস্তা। গাছ-গুল্মে ছাওয়া দুই দেয়ালের বেড়ে স্যাঁতস্যাঁতে গিরিপথ।পায়ের নিচে মাটির সোঁদা গন্ধ। শরত শেষ হলেও দাপট কমেনি বর্ষার। প্রায় প্রতিদিনই মেঘ গলে বৃষ্টি হয়ে ঝরছে। বুনোপথ তাই কাদায় মাখামাখি। একটু অসাবধান হলেই পা হড়কে পপাত ধরণীতল হওয়ার শঙ্কা। তাই পা ফেলতে হচ্ছে মেপে মেপে।কিন্তু, কী অদ্ভুত! কাদা মেখে পিচ্ছিল হয়ে পড়া পথ বেয়েই কী অনায়াসে ঝুড়ি মাথায় হেঁটে আসছে ওরা। কারও মাথায় লেবু, কারও মাথায় পেয়ারার ঝাঁকা। কেউবা করল্লার ঝাঁপি বইছেন। রোদে পোড়া কর্মঠ শরীর সবার। তবুও প্রখর রোদের তেজে তেতে ওঠা পাহাড়ে মাইলের পর মাইল হেঁটে ক্লান্ত। দু’জন জিরিয়ে নিতে বসেছে পাতায় ছাওয়া এক তোরণের নিচে। দু’পাশ থেকে ঝুঁকে এসে মাথার ওপর ডালপাতার ছাদ সাজিয়েছে গাছগাছালি। আপন খেয়ালে কী এক অপরূপ তোরণ গড়ে রেখেছে প্রকৃতি।