ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের মনোবল তুঙ্গে: মালিক
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM
কত প্রতিকূলতা পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল পাকিস্তান, তার হিসাব নেই। কোচদের পদত্যাগ, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের অবহেলা, দল নিয়ে সমালোচনা। এতকিছুর পরও বাবর আজমের দল তাদের কাজটা ঠিকভাবে করেছে। যার ফল পেয়েছে হাতেনাতে। তিন ম্যাচের সবগুলো জিতে টুর্নামেন্টের হট ফেভারিট তারা। মঙ্গলবার আবু ধাবিতে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এই ম্যাচের আগের দলের মনোবল তুঙ্গে বলে শোয়েব মালিক জানালেন।
ভারত, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে গ্রুপ-২ এ শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচের আগে দলের ভেতরের অবস্থা নিয়ে মালিক বললেন, ‘ক্যাম্পে মনোবল তুঙ্গে। যখন আপনি জিততে থাকবেন, তখন ড্রেসিংরুমে আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উঁচুতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে অধীর অপেক্ষায় প্রত্যেকে।’
ভারতের বিপক্ষে ম্যাচ জিতে শুরু করার কারণেই এত মনোবল মনে করছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার, ‘একটি বড় দলের বিপক্ষে যখন টুর্নামেন্ট শুরু হয় এবং ম্যাচটি জেতা যায়, তখন ড্রেসিংরুমে দারুণ আত্মবিশ্বাস কাজ করে।’
চিরপ্রতিদ্বন্দ্বী ও স্ত্রী সানিয়া মির্জার দেশ ভারতের টানা দুটি হার নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ মালিক, ‘আমরা শুধু নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবছি। অন্য দিকে তাকাচ্ছি না।’
এখন পর্যন্ত সব প্রতিকূলতা জয় করার যে মনোভাব সতীর্থদের মধ্যে দেখেছেন তাতে মুগ্ধ এই অলরাউন্ডার, ‘টুর্নামেন্ট শুরু করার সময় লক্ষ্য থাকে দল হিসেবে সেরাটা দেওয়ার। আমি দলে যোগ দেওয়ার পর থেকে পাকিস্তান দলের অনুশীলন সেশনে যা দেখেছি এবং যেভাবে তারা এখন পর্যন্ত সব চাপ সামাল দিচ্ছে, তা এক কথায় অসাধারণ।’
টি-টোয়েন্টিতে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান কখনো খেলেনি। একমাত্র ওয়ানডে তারা খেলেছিল ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় ওই ম্যাচ পাকিস্তান জিতেছিল ১৭১ রানে।
প্রথম রাউন্ড থেকে উঠে এসেছে নামিবিয়া এবং স্কটল্যান্ডকে হারিয়েছে সুপার টুয়েলভে। এই দলকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, বললেন মালিক, ‘সত্যি কথা বলতে, আমরা ভিন্ন কিছু চিন্তা করছি না কারণ টি-টোয়েন্টি ফরম্যাট এমন যেখানে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যাবে না। এবং আমরা পুরো আত্মবিশ্বাসী, তাই এই ম্যাচ খেলতে মুখিয়ে আমরা।’