ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM
এর আগে নির্বাচক হাবিবুল বাশারও বলেছিলেন, আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতির কথা। এবার বাশারের এই সুরে তাল মেলালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন যদি পরিকল্পনামাফিক এগোতে থাকে তাহলে পরের বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।
‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’
সোমবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এভাবেই বলেছেন ডমিঙ্গো। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভে তিন ম্যাচ হেরে ইতোমধ্যে বাংলাদেশের বিশ্বকাপ শেষের পথে। মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য এগুলো এখন নিয়মরক্ষার।
ডমিঙ্গো আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।’
বিশ্বকাপে পা রাখার আগে বাংলাদেশ টি-টৈয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর দেশের মাটিতে স্রেফ উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে। এরপরেই উন্নতি ঘটে বাংলাদেশের র‌্যাংকিংয়ে। উঠে আসে ষষ্ঠ স্থানে। সেই প্রসঙ্গ টেনেছেন বাংলাদেশ কোচ। জানিয়েছেন সংক্ষিপ্ত সংস্করণে উন্নতিটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তার জন্য সময় লাগবে।
ডমিঙ্গো বলেন, ‘সঙ্গে এটাও জানি যে অনেক নেতিবাচক দিকও আছে। নির্দিষ্ট ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কিছু কাজে নিয়ে সমালোচনা হচ্ছে। তবুও আমি বলবো দল বিশাল এগিয়েছে। ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম এখন আমরা টি-টোয়েন্টিতে ষষ্ঠ। বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।’