সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
ইউএনও যখন স্কুল শিক্ষক!
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪০ এএম |

ইউএনও যখন স্কুল শিক্ষক!হাতে সময় পেলেই তিনি ছুটে যান কাছের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে ঢুকে পড়েন কোনো ক্লাসে। শুরু করেন পাঠদান। একজন পেশাদার শিক্ষকের মতোই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে শিক্ষাদানে বেশ পটু তিনি।
শুধু পড়ানোর ক্ষেত্রে নয়, শিক্ষাব্যবস্থার উন্নতিতেও নিরলস কাজ করে যাওয়া এই ব্যক্তি হলেন কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

৩৪তম বিসিএসের এই কর্মকর্তা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সরকারি প্রশাসনিক কর্মকর্তা হয়েও শিক্ষকতা করার সুপ্ত বাসনা এখনো হৃদয়ে ধারণ করেন তিনি। আর এজন্য সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই চলে যান কোনো স্কুলে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায় উপজেলার মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংকের ক্লাস নিচ্ছেন তিনি। এসময় স্কুলের প্রধান শিক্ষক জাহানারা বেগম ও শ্রেণি শিক্ষক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রবিউল ও উম্মে মাহিমা বলেন, ‘ইউএনও স্যার আমাদের গণিত ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প বলেছেন।
সেই সঙ্গে কীভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন, ‘ইউএনও স্যার সময় পেলেই মাঝেমধ্যে হঠাৎ করে স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান। স্কুল আঙিনা ঘুরে দেখেন। একই সঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন।
মনে হয়, যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি।

পাঠদানের বিষয়ে ইউএনও তাপস শীল বলেন, ‘বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট ছোট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। এক, বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কি না, সেটাও সরেজমিনে দেখতে পারছি।’

তিনি আরো বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২