বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণ: পরিচালক গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:২০ এএম |



সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সন্টুকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার (এসপি) মো. সুলাইমান।
তিনি বলেন, ‘সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি কারখানার মালিক পারভেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় শিল্প পুলিশের খুলশি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে শিল্প পুলিশ। দুই দিন আগে শিল্প পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়।’
গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহত হন। আহত হন ৩০-৩৫ জন। এ ঘটনায় কারখানার শ্রমিক মো. কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে গত ৬ মার্চ রাতে ১৬ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় সীমা অক্সিজেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দিনকে প্রধান আসামি, কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সন্টুকে দুই নম্বর আসামি এবং অপর পরিচালক আশরাফ উদ্দিন বাপ্পীকে তিন নম্বর আসামি করা হয়। বাকি ১৩ আসামি কারখানার কর্মকর্তা-কর্মচারী। যারা দুর্ঘটনার সময় কর্মরত ছিলেন।
এদিকে, ঘটনার দিনই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। সোমবার রাতে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে উঠে এসেছে, বিস্ফোরণের জন্য মালিকপক্ষ দায়ী। কারখানা ব্যবস্থাপনায় তাদের ত্রুটি ছিল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২