দেবিদ্বারে শিক্ষক দিবস উপদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো কুমিল্লার দেবিদ্বারে সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে এসএ সরকারি কলেজ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আশিক উন নবী তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য মো. বাবুল হোসেন রাজু প্রমুখ। এছাড়াও র্যালি ও আলোচনা সভায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, কারিগরি, মাদরাসাসহ সব পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজিত আলোচনা সভায় এমপি রাজী ফখরুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে শিক্ষার ভিত রচনা করে গেছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল এখন রাষ্ট্র পাচ্ছে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি।
প্রসঙ্গত, ১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।