ভুটানের জালে ইয়েমেনের ৮ গোল
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM
ভুটানকে
চেপে ধরে ১১ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ইয়েমেন। আক্রমণের ধারা অব্যাহত
রেখে প্রথমার্ধেই আরো চার গোল করে চালকের আসনে বসে তারা। রক্ষণে হতশ্রী
ভুটান আক্রমণে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল
করে বড় জয়ে বাছাই শুরু ইয়েমেনের।
ম্যাচের ৮ গোল করেছেন ভিন্ন ৮ খেলোয়াড়।
বুধবার
কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে 'ই' গ্রুপে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত
করেছে ইয়েমেন। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশের
প্রতিপক্ষ সিঙ্গাপুর।
ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে ইয়েমেন। প্রতিপক্ষ
ভুটানকে কোনো সুযোগ দেয়নি তারা। সপ্তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ইয়েমেন।
বক্সের বাম প্রান্ত থেকে আব্দুল রহমান আব্দুল্লাহর বাড়ানো পাস অপর প্রান্তে
ফাঁকায় পেয়ে যান আব্দুল নবী। কিন্তু গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে
পারেনি এই ফরোয়ার্ড। পরের দুই মিনিটে আরো দুইবার সুযোগ তৈরি করে ইয়েমেন
কিন্তু পারেনি লক্ষ্যভেদ করতে। অবশ্য ১১তম মিনিটে আর ভুল করেনি ইয়েমেন। গোল
করে এগিয়ে নেন আব্দুল রহমান আব্দুলাহ। মাঝ মাঠ থেকে ওয়াহিব নোমানের হাওয়ায়
ভাসানো ক্রস আটকাতে এগিয়ে আসেন গোলকিপার কিন্তু ভুটানের এক ডিফেন্ডারের
মাথায় লেগে বল চলে যায় আব্দুল্লাহর পায়ে। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান এই
ফরোয়ার্ড।
১৬তম মিনিটে ব্যবধান বাড়ায় ইয়েমেন। ডান প্রান্ত থেকে সাঈদ
আব্দুল্লাহর ক্রস ছয় গজ বক্সের ভেতর থেকে ভুটানি ডিফেন্ডার ক্লিয়ার করতে না
পারলে ফাঁকায় বল পেয়ে যান আব্বাস কাশেম। দেখে শুনে গোলকিপারকে পরাস্ত করে
গোল করেন তিনি। গোলের পর ডিগবাজি দিয়ে উদযাপন করেন কাশেম। ২১তম মিনিটেই
ব্যবধান ৩-০ করে ফেলে ইয়েমেন। গোল করেন মোহাম্মদ খালেদ। ৪১ মিনিটে চতুর্থ
গোল পেয়ে যায় ইয়েমেন। গোল করেন আব্দুল নবী। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে
ইয়েমেনকে পঞ্চম গোল এনে দেন ওয়াহিব নোমান।
দ্বিতীয়ার্ধেও চলে ইয়েমেনের
দাপট। ৬২ মিনিট ষষ্ঠ গোল পেয়ে যায় ইয়েমেন। আব্দুল নবীর কোনাকুনি শট
গোলকিপার ফিস্ট করে ফেরালে ফিরতি বলে হেডে জাল খুঁজে নেন বদলি নামা
মোহাম্মদ আমির। ৭৪ মিনিটে আনোয়ার হোসেনের কোনাকুনি মাপা শটে সপ্তম গোল করে
ইয়েমেন। ৮৫ মিনিটে অষ্টম গোল এনে দেন বদলি নামা আহমেদ আদেল। বাকি সময়ে আরো
কোনো গোল না হলে বড় জয় নিশ্চিত হয় ইয়েমেনের।