ফেনীতে বিএনপির ১৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
Published : Tuesday, 4 October, 2022 at 12:00 AM
ফেনীতে পুলিশের ওপর মামলার অভিযোগ করা মামলায় বিএনপির ১৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম রুহুল ইমরান। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এই তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন-ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, দাগনভুইয়া পৌর যুবদলের আহ্বায়ক ভিপি ইমাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম পাটোয়ারী ইবু, যুবদল নেতা ফজলুল হক মুন্নাও মামুন।
আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন জানান, গত ১২ আগস্ট বিএনপি মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার এজহারভুক্ত ১৪ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে জামিন আবেদন করলে হাকিম নামঞ্জুর করে কারাগারে পাঠান।