আখাউড়া দিয়ে ৬ দিন পণ্য আনা-নেওয়া বন্ধ
Published : Tuesday, 4 October, 2022 at 12:00 AM
দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি করা হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ি ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে।
আখাউড়া বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয়রা পাঁচ দিন ও বাংলাদেশের ব্যবসায়ীরা তিন দিন আমদানি-রফতানি বন্ধ রাখবেন। এ কারণে ২ ও ৩ অক্টোবর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ সময় অন্য ব্যবসায়কি কার্যক্রম চলবে। তবে বাকি তিন দিন সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৮ অক্টোবর থেকে পুরোদমে বন্দরের কার্যক্রম শুরু হবে।
উল্লেখিত সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।