
এক
শ্রেণির মানুষ পুলিশ প্রশাসন, বিচারব্যবস্থা, মানবিক মূল্যবোধ—কোনো কিছুরই
তোয়াক্কা করছে না। সামান্য কারণেই যখন খুনের ঘটনা ঘটছে তখন বলতে হবে,
মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধের দায়িত্ব মূলত পুলিশ বাহিনীর। পুলিশ
দক্ষতার সঙ্গে কাজ করছে।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবশ্য
সংবাদমাধ্যমকে বলেছেন, সার্বিক দিক বিবেচনায় তুলনামূলকভাবে দেশে
অপরাধপ্রবণতা অনেকটা কম। তবে ফৌজদারি অপরাধ কমলেও বেড়েছে পারিবারিক
নির্যাতন।
অপরাধ বৃদ্ধির পেছনে পারিবারিক বন্ধনে ছন্দঃপতন ও প্রযুক্তির
অপব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধন ঢিলে
হয়ে গেছে অনেক আগেই। সমাজের ভেতর পরিবার, প্রতিবেশী, এলাকাভিত্তিক
সংস্কৃতির চর্চা ও বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে। অনুশাসন বলতে কিছু নেই। আগে
সামাজিকভাবে প্রতিরোধের ব্যবস্থা ছিল। কিন্তু মূল্যবোধের অবক্ষয় রোধে
কার্যকর কোনো ব্যবস্থা ইদানীং দেখা যায় না। আগের সামাজিক অনুশাসনগুলো আর
কাজ করছে না। উচ্চাভিলাষী জীবনযাপনে প্রতিযোগিতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে,
হত্যা বা আত্মহত্যা যেটিই হোক, প্রতিটি ঘটনার পেছনে প্ররোচনাকারী আছে।
তাদের যথাযথভাবে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এগুলো কমবে
না।
সংবাদমাধ্যমকে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আগের দুই দিনে দেশের ১১
জেলায় ১৩ খুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে এক শ্রমিকের পাঁচ টুকরা লাশ উদ্ধার
হয়েছে। সিরাজগঞ্জে শয়নকক্ষ থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। নরসিংদীর পলাশে এক দিনমজুরকে নিজ বাড়ির উঠানেই হাত-মুখ বেঁধে
গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জের শিবালয়ে জমিসংক্রান্ত
বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সুনামগঞ্জের
তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে একজনকে গলা টিপে হত্যার
অভিযোগ উঠেছে। বগুড়ার ধুনটে মাদক সেবনের টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা
স্ত্রীকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর
বিরুদ্ধে। ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর
স্বামীকে আটক করেছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নববধূকে যৌতুকের জন্য
শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রংপুরের পীরগাছায় ভাবির
লাঠির আঘাতে দেবরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের বন্দরে
নিখোঁজের চার দিন পর একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক
অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বহু আলোচনা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ
করে বলা যায়, মানবিক মূল্যবোধের অবক্ষয় চরমে পৌঁছেছে। কিছু মানুষের মধ্যে
নৈতিকতা বলতে কিছু নেই। এক শ্রেণির মানুষ পুলিশ প্রশাসন, বিচারব্যবস্থা,
মানবিক মূল্যবোধ—কোনো কিছুরই তোয়াক্কা করছে না। কাজেই দেশের আইন-শৃঙ্খলা
রক্ষা বাহিনীগুলোকে আরো সক্রিয় ও তৎপর হতে হবে। অপরাধীদের কঠোর হাতে দমন
করতে হবে। আশা করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রতি রাষ্ট্র
সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবে।