
নারী
এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন
বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশেকে ৯ উইকেটের বড়
ব্যবধানে হারিয়েছে পাকিস্তানি মেয়েরা। বাংলাদেশের দেওয়া ৭১ রানের লক্ষ্যে
পাকিস্তান পৌঁছে যায় ৪৬ বল হাতে রেখেই।
পাক ওপেনার সিদরা আমিন ৩৬ ও অধিনায়ক বিসমাহ মারুফ ১২ রানে অপরাজিত থাকেন।
অপর ওপেনার মুনিবা আলী আউট হন ১৪ রান করে। তাঁর উইকেটটি পেয়েছেন সালমা খাতুন।
এর
আগে, টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে
বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৭০ রান করতে সক্ষম
হয় নিগার সুলতানা জ্যোতির দল। সালমা খাতুন ২৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক
নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৭ রান। লতা মন্ডল করেন ১২। এছাড়া আর কোনো
বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ও নিদা দার দুটি করে উইকেট পান। একটি করে উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল।
টানা
দুই জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। অন্যদিকে,
উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পেল
হারের স্বাদ।