Published : Monday, 3 October, 2022 at 12:00 AM, Update: 03.10.2022 12:26:27 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন
বাদশাকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে গেছে ডাকাতরা।
এ
ঘটনায় শনিবার (১ অক্টোবর) রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ৪-৫ জন
ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিন ভোররাতে এ ঘটনা ঘটে।
ঘটনার
পর আহত ওসি মো. আলমগীর হোসেন ও গাড়ি চালক ইয়াছিন বাদশা চট্টগ্রামে
চিকিৎসাধীন রয়েছেন। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ ঘটনার
সত্যতা স্বীকার করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণী থেকে
জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন তার
ব্যক্তিগত গাড়িতে ঢাকা থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে মেঘনা টোল
প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য ভোর সাড়ে তিনটার দিকে গাড়ি থামান।
এ সময়
টোল প্লাজায় সামান্য যানজট ছিল। এ সময় অতর্কিতভাবে ওসির গাড়িচালকের মাথায়
পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় ডাকাতরা। পরে ডাকাতরা প্রাইভেটকারের
পেছনের দরজা টেনে-হেঁচড়ে খুলে ওসি আলমগীরকে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে
নগদ ১৯ হাজার টাকা ও ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট নিয়ে যায়।
বিবরণীতে
আরও উল্লেখ, পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে
যায়। পরে তারা দ্রুত দাউদকান্দি উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে
গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম গিয়ে হাসপাতালে ভর্তি হন।
সোনারগাঁ
থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ওসিকে কুপিয়ে ডাকাতির
ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।