শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশের অর্জন সম্ভব হয়েছে-- ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, বিগত ১৩ বছরে সব ক্ষেত্রে বাংলাদেশের যত অর্জন হয়েছে তার সবগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এসব অর্জন সম্ভব হয়েছে। বিদেশিদের কাছে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান যখন বলেছিলেন আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইডেন বানিয়ে দেবেন, তখন সে দেশের মানুষ বলেছিলেন আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইডেন নয় বরং বাংলাদেশ বানিয়ে দেন। আমাদের মাথাপিছু আয় ভারতের মানুষের মাথাপিছু আয়কেও ছাড়িয়ে গেছে।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কর্র্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ সরকার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো: মনিরুজ্জমান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাবেক সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আবদুল কাদির ও কামাল উদ্দিন খন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আরো বলেন, অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা ছাড়িয়ে গেছি। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য। বিদেশের পার্লামেন্টে এখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।