
প্রিমিয়ার
লিগের শুরুর হতাশা কাটতে না কাটতেই চ্যাম্পিয়নস লিগে হতাশার গল্প লিখলো
লিভারপুল। মাঠের পারফরম্যান্সে হতাশা উপহার দিয়ে বড় হারে চ্যাম্পিয়নস লিগের
শুরু হল ইয়ুর্গেন ক্লপের দলের। স্বাগতিক নাপোলির ভয়-ডরহীন ফুটবলের সামনে
অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ক্লাবটি।
বুধবার রাতে দিয়েগো আরমান্দো ম্যারাদোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে 'এ' গ্রুপের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে হারায় নাপোলি।
জোড়া গোল করে নাপোলির জয়ে বড় অবদান রেখেছেন জিয়েলেনস্কি।
ঘরের
মাঠে একদম রাজার মত শুরু করে নাপোলি। লিভারপুলকে কোনোরকম পাত্তা না দিয়ে
আক্রমণের পসরা সাজায় স্বাগতিকরা। সেই সুবাদে পঞ্চম মিনিটেই এগিয়ে যায়
স্বাগতিক নাপোলি। পেনাল্টি থেকে গোল করেন জিয়েলেনস্কি। পোলিশ এই ফুটবলারের
শট বক্সের ভেতরে লিভারপুল ডিফেন্ডার মিলনারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি
বাজান রেফারি। ১৯ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ নষ্ট করে নাপোলি।
পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওসিমহেন। অবশ্য ৩১ মিনিটেই ব্যবধান
দ্বিগুণ করে নাপোলি। দারুণ দক্ষতার সহিত জিয়েলেনস্কির সঙ্গে বল দেওয়া নেওয়া
করে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে জাম্বো।
স্বাভাবিক
ফুটবল খেলাটা যেন এদিন ভুলে গেছিলেন সালাহ-দিয়াসরা। রক্ষণে ছিলনা কোনো
তাল-মিল। এমন ছন্নছাড়া অবস্থার সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই তিন গোলে
এগিয়ে যায় নাপোলি। ৪১ মিনিটে ওসিমহেনের বদলি নেমেই ৪৪ মিনিটে গোল করেন
জিওভান্নি সিমিওনে। এতে ৩-০ গোলে এগিয়ে যায় নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই
নাপোলিকে চতুর্থ গোল এনে দেন পিওতর জিয়েলেনস্কি। অবশ্য দুই মিনিট বাদে
লিভারপুলের হয়ে এক গোল শোধ দেন লুইস দিয়াস। বাকি সময়ে কোনো দলই পারেনি আর
গোল করতে। আগামী ২ নভেম্বর অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে লিভারপুল ও
নাপোলি।