লেভানদোস্কির হ্যাটট্রিকে ভিক্টোরিয়াকে গোল বন্যায় ভাসালো বার্সেলোনা
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
ঘরের
মাঠে শুরুতেই এগিয়ে গেল বার্সেলোনা। প্রতিপক্ষকে চেপে ধরে ব্যবধান বাড়িয়ে
নিয়ে চালকের আসনে বসে জাভি হের্নান্দেসের দল। ম্যাচে ফেরার প্রচেষ্টা
চালিয়ে প্রথমার্ধেই এক গোল শোধ দেয় ভিক্টোরিয়া প্লজেন। অবশ্য প্লজেনের
ম্যাচে ফিরে আসার আশা বিরতিতে যাওয়ার আগেই নষ্ট করে দেন রবার্ত
লেভানদোস্কি।
দ্বিতীয়ার্ধে আরো এক গোলে হ্যাটট্রিক পূরণ করে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে দারুণ শুরু এনে দিলেন পোলিশ এই তারকা।
বুধবার
রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগে 'সি' গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া
প্লজেনকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন রবার্ত
লেভানদোস্কি। একটি করে গোল ফ্রাঙ্ক কেসি ও ফেরান তোরেসের।
ঘরের মাঠে
ম্যাচ তাই শুরু থেকেই আক্রমণাত্মক কাতালানরা। সেই সুবাদে ম্যাচের ১৩ মিনিটে
ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। উসমান দেম্বেলের কর্নার জুলস
কুন্দের মাথা ছুঁয়ে হেডে জাল খুঁজে নেন কেসি। বার্সার জার্সিতে এটি তার
প্রথম গোল।
আক্রমণের ধারা অব্যাহত রেখে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন
রবার্ত লেভানদোস্কি। সের্হিয়ো রবার্তোর কাছ থেকে পাওয়া বল প্লজনের বক্সের
মুখ থেকে ডান পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন লেভা। বার্সেলোনার জার্সিতে
চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম গোল। এই গোলের মধ্য দিয়ে ৮৭ গোল নিয়ে
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন
লেভানদোস্কি। ৮৬ গোল নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন করিম বেনজিমা।
লেভানদোস্কির সামনে আছেন লিওনেল মেসি (১২৫ গোল) এবং ক্রিস্তিয়ানো রোনালদো
(১৪১ গোল)।
৪৪ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়
ভিক্টোরিয়া প্লজেন। জেমেলকার ক্রসে গোলমুখ থেকে হেডে গোল করেন সাইকোরা।
অবশ্য বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান ৩-১ করে ফেলে বার্সেলোনা। লিড বাড়িয়ে
নেন লেভানদোস্কি। যোগ করা তৃতীয় মিনিটে উসমান দেম্বেলের ক্রসে দুরের পোস্টে
হেডে গোল করেন পোলিশ এই তারকা। ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রবার্ত
লেভানদোস্কি। ফেরান তোরেসের পাস থেকে গোল করেন তিনি। বার্সেলোনার জার্সিতে
এটি তার প্রথম হ্যাটট্রিক। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন
তিন দলের হয়ে হ্যাটট্রিক করলেন লেভা। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন
মিউনিখের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। চার মিনিট বাদেই ফেরান তোরেসের গোলে
ব্যবধান ৫-১ করে ফেলে বার্সেলোনা। আগামী ২ নভেম্বর ফিরতি লেগে ভিক্টোরিয়া
প্লজনের মাঠে মুখোমুখি হবে এই দুই দল।