ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সড়ক দুর্ঘটনা বাড়ছে
Published : Wednesday, 27 July, 2022 at 12:00 AM, Update: 27.07.2022 1:54:08 AM
সড়ক দুর্ঘটনা বাড়ছেবাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ত্রুটিপূর্ণ সড়ক, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন অদক্ষ চালক এবং সড়ক-মহাসড়কে অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। বছর দুয়েক আগে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, ওই সময়ে প্রায় ৪০ শতাংশ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। আবার বৈধ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন এমন চালকের ৩১ শতাংশ কোনো অনুমোদিত ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেননি।
ফলে বেশির ভাগ চালক ট্রাফিক আইন সম্পর্কে সম্যক জ্ঞাত নন। আবার দেশের সড়ক-মহাসড়কে যেসব যানবাহন চলছে তার বেশির ভাগেরই ফিটনেস নেই।
গত ৫ থেকে ১৬ জুলাই ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে সারা দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন মারা গেছে। আহত হয়েছে এক হাজার ১৯৭ জন। ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে ১২৩ জন, যা মোট নিহতের ৩৯.৫৪ শতাংশ। এর আগে গত ২০ জুলাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এবারের ঈদুল আজহায় সারা দেশে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ ১৩ মৃত্যুর খবর এসেছে গতকাল কালের কণ্ঠে। কালের কণ্ঠে প্রকাশিত আরেকটি খবরে বলা হয়েছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া কমলা পুকুরপার লেভেলক্রসিংয়ে পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসকে ধাক্কা দিলে চারজন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ শ্রমিক। নিহতদের মধ্যে তিনজন বাসের যাত্রী এবং দুজন ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ছিল। গত ২০ জুলাই দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ছয় যাত্রীর মৃত্যু হয়। আহত হয় একজন। গত বৃহস্পতিবার উজিরপুর উপজেলার নতুন শিকার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে কুয়াকাটাগামী ছয় পর্যটক নিহত হওয়ার খবর এসেছে।
মহাসড়কের নির্মাণত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এবং মোটরসাইকেল, ইজি বাইক, অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বাড়ছে। অন্যদিকে কোনো কোনো সড়কে সড়ক বিভাজক না থাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা বাড়ছে। এ ছাড়া পথচারীর জন্য নিরাপদ ফুটপাত না থাকায় পথচারীর মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আবার পরিবহন সেক্টরে সুশাসন না থাকায় সড়ক দুর্ঘটনা বা সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন হয়ে পড়েছে বলেও মনে করেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা। এ অবস্থার উন্নয়নে টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়ন করতে হবে।