দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি
Published : Saturday, 23 July, 2022 at 12:00 AM
গলে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর পাকিস্তানকে দুঃসংবাদ শোনালেন পেসার শাহীন আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, শাহীন হাঁটুতে চোট পেয়েছেন।
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানো টেস্টের চতুর্থ দিন হাঁটুতে ব্যথা পান শাহীন। যে কারণে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ ওভার বল করতে পেরেছেন। অথচ এই ইনিংস স্থায়ী ছিল ১০০ ওভার। চতুর্থ দিনে অস্বস্তি হচ্ছিল বলে তাকে মাঠও ছেড়ে যেতে হয়েছে।
তবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দিতে বড় অবদান ছিল তার। ১৪.১ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তার না থাকায় এখন দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারেন পেসার হারিস রউফ অথবা বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
অবশ্য দ্বিতীয় টেস্টে ছিটকে যাওয়ায় ১১তম পাকিস্তানি পেসার হিসেবে শাহীনের উইকেটের সেঞ্চুরি পূরণ বিলম্বিত হয়ে গেলো। এখন তার ঝুলিতে রয়েছে ৯৯টি উইকেট।