ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফর্মে ফেরাতে কোহলিকে জিম্বাবুয়ে পাঠাবে ভারত
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
ভারতের টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি সেরা ছন্দে নেই। তাকে নিয়ে বিরাট চিন্তায় পড়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দিয়ে, নির্ভার রেখে তাকে ফর্মে ফেরানোর চেষ্টা করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং বিসিসিআই নির্বাচক প্যানেল।
তারই অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক কোহলিকে। কিন্তু ৭০ সেঞ্চুরিতে আটকে যাওয়া কোহলিকে আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলাতে চান বিসিসিআই নির্বাচকরা।
আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট ওয়ানডে সুপার লিগের অংশ তিন ম্যাচের ওই সিরিজ মাঠে গড়াবে। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আগে অপেক্ষাকৃত তরুণ দল ওই সফরে পাঠানো হতে পারে। তবে কোহলিকে রানে ফেরাতে ছয় বছর পরে জিম্বাবুয়ে যাওয়া দলের সঙ্গে পাঠাতে চায় দেশটির বোর্ড।
 ভারতীয় সংবাদ মাধ্যম ইনসাইড স্পোর্টসকে ভারতীয় বোর্ডের এক নির্বাচক বলেছেন, ‘একটা বিশ্রাম তাকে সতেজ করবে বলে আশা করছি। বিশ্রামের পর ফর্মে ফিরতে তার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে। সেজন্য আমরা চাই সে জিম্বাবুয়ে সফরে যাক। ওয়ানডে তার প্রিয় ফরম্যাট এবং এশিয়া কাপের আগে ওই সিরিজ তাকে ফর্মে ফিরতে সহায়তা করবে। এ বিষয়ে আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব।’
কোহলি ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওটাই তার শেষ সেঞ্চুরি। এরপর টেস্টে ৩২ ইনিংসে সেঞ্চুরি পাননি তিনি। তবে ছয়টি ফিফটি করেছেন। ওয়ানডে ফরম্যাটে ২৫ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ফিফটি করেছেন ১০টি।