মোহামেডানকে হারিয়ে টিকে থাকল মুক্তিযোদ্ধা সংসদ
Published : Friday, 22 July, 2022 at 12:00 AM
খাদের কিনারে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পেল খুবই কাঙ্ক্ষিত জয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অবনমন এড়ানোর আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল দলটি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ।
তাদের হয়ে দুই অর্ধে একটি করে গোল করেন সুদি আব্দুল্লাহ। ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুরুন্ডির এই ফরোয়ার্ড। শেষ দিকে ব্যবধান কমান ওবি মোনেকে।
দিনের অন্য দুই ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ৪-১ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সানডে চিজোবার হ্যাটট্রিকে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। কিংস অ্যারেনায় শুরু থেকে পুলিশ এফসির রক্ষণে ভীতি ছড়ালেও গোলের দেখা পাচ্ছিল না শেখ রাসেল। বিরতির আগ মুহূর্তে তারাই পেয়ে যায় জোড়া গোল। ৪৫তম মিনিটে দলকে এগিয়ে নেন ইসমাইল আকিনাদে। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ খালেকুরজ্জামানের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গাডজে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান আমিরুদ্দিন শরিফি। কিন্তু ৫৬তম মিনিটে গাডজের আড়াআড়ি ক্রস অনায়াস টোকায় স্কোরলাইন ৩-১ করেন আকিনাদে। ৭০তম মিনিটে চার্লস দিদিয়েরের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে লেগে জালে ঢুকলে শেখ রাসেলের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আকিবের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান কমাতে পারেনি পুলিশ এফসি।
লিগে বাকি আর দুই রাউন্ডের খেলা। অবনমন এড়ানোর লড়াই চলছে মূলত চার দলের মধ্যে। ২০ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধা সংসদ (১৫ পয়েন্ট) দশম, উত্তর বারিধারা (১৪) এগারতম এবং স্বাধীনতা সংঘ ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। লিগ জুড়ে উত্থান-পতনের মধ্যে চলা মোহামেডান ২৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। অষ্টম স্থানে থাকা শেখ রাসেলের পয়েন্ট ২৫।