জমি সংক্রান্ত সেবা নিতে অনলাইনে আবেদন ৩ জুলাই
Published : Friday, 17 June, 2022 at 12:00 AM
আগামী
৩ জুলাই থেকে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের রেকর্ডরুম থেকে যে কোনো
ধরনের খতিয়ান বা মৌজা-ম্যাপ সংক্রান্ত সেবা নিতে অনলাইনে আবেদন করতে হবে।
ম্যানুয়াল আবেদন নেওয়া বন্ধের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি
দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৩ জুন এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়,
এখন ভূমিসেবা প্ল্যাটফর্ম সাইট থেকে ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেম
ব্যবহার করে নাগরিকরা খতিয়ান বা মৌজাম্যাপ সংক্রান্ত যে কোনো সেবার জন্য
আবেদন করতে পারছেন। সেবা গ্রহীতারা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি অফিস
কাউন্টার থেকে বা ডাকযোগে ডেলিভারি নিতে পারছেন।
এছাড়াও তারা সার্ভিস
চার্জ বা ডাকমাশুলসহ সব প্রযোজ্য ফি অনলাইনের মাধ্যমে দিতে পারছেন। তাই
জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম সংক্রান্ত সেবা গ্রহণ বা দেওয়ার কোনো
ধরনের নগদ অর্থের লেনদেন করারও প্রয়োজন হচ্ছে না। ১৬১২২ নম্বরে ফোন করেও
একই সেবা নেওয়া যায়।
তবে এখনো কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত
রেকর্ডরুম থেকে খতিয়ানের স্বাক্ষরিত কপি বা মৌজাম্যাপ সংক্রান্ত সেবার
আবেদন ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেমস ছাড়া ম্যানুয়াল (কাগজে আবেদন)
পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।
এমতাবস্থায়, নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা
নিশ্চিতে রেকর্ডরুম থেকে যে কোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপসংক্রান্ত
সেবার ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখার জন্য অনুরোধ করে পত্র জারি করেছে
ভূমি মন্ত্রণালয়।