মুরাদনগরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্ধুদ্ধকরণ কর্মশালা
Published : Thursday, 9 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও যুবসংগঠনের সদস্য এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে বুধবার দিনব্যাপী এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘আইইএম’ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে, কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে ব্যাপক আলোকপাত করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক ও যুগ্ম-সচিব মো: হাবিবুর রহমান। মূল আলোচক ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো: আকিব উদ্দিন।
বক্তব্য রাখেন আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, নজরুল ইসলাম মাস্টার, বেলাল উদ্দিন মাস্টার, কৃষক সমিতির প্রতিনিধি সামছুল হক, যুব সংগঠনের প্রতিনিধি আবদুল্লাহ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, নব-উচ্ছ্বাস যুব সংগঠনের সভাপতি ইমরান আহম্মেদ ও মহিলা সমিতির প্রতিনিধি পারুল আক্তার প্রমুখ।