ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের প্রধান কোচ সফিকুল ইসলাম মানিক
Published : Saturday, 4 June, 2022 at 8:58 PM
মোহামেডানের প্রধান কোচ সফিকুল ইসলাম মানিকমোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য সফিকুল ইসলাম মানিককে ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে। আজ (শনিবার) ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে আবু হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ান কোচ শন লেনের পদত্যাগের পর আমরা একজন কোচ খুঁজছিলাম। আমাদের চেয়ারম্যান এবং ক্লাবের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর নতুন কোচের বিষয়ে দায়িত্ব নিয়েছিলেন। তিনিই সফিকুল ইসলাম মানিককে নিয়োগ দিয়েছে।’

প্রায় চার বছর ধরে মোহামেডানের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন শন লেন। জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এবং বসুন্ধরা কিংসের এএফসি কাপের জন্য লিগ স্থগিত থাকায় মোহামেডানের আবাসিক ক্যাম্প বন্ধ ছিল।

কোচ শন লেন ছুটি কাটাতে দেশে গিয়েছেন। সেখান থেকেই কয়েকদিন আগে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেই চিঠিতে লেন ক্লাবের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন।

শন লেন যে অভিযোগ তুলেছেন, তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হলো- দল গঠনে ক্লাব কর্মকর্তাদের হস্তক্ষেপ। যদিও মোহামডানের টিম অফিসিয়ালরা দল গঠনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন।

মোহামেডানের অনুশীলন শুরু হবে সোমবার। রোববার খেলোয়াড়রা ক্লাবে যোগ দেবেন। ‘রোবববার খেলোয়াড়দের ক্লাবে উঠতে বলা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় ইউনাইটেড গ্রুপের মাঠে প্র্যাকটিস শুরু হবে। ওই সময়ই নতুন কোচকে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে’-বলেছেন আবু হাসান চৌধুরী প্রিন্স।