সাকিবকে স্রেফ ফিটনেস নিয়ে ভাবতে হবে : হেরাথ
Published : Monday, 30 May, 2022 at 12:00 AM
তার
টেস্ট ক্যারিয়ার নিয়েই গত কয়েকবছর ধরে অনিশ্চয়তা চলছে। ক্রিকেটের লম্বা
ফরম্যাটে এড়িয়ে চলার চেষ্টা করছেন সাকিব আল হাসান। দীর্ঘ ছয় মাস পর
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমে বল হাতে দুর্দান্ত সাকিবকে পাওয়া
গেছে। শেষ ম্যাচের চতুর্থ ইনিংসে দারুণ ফিফটিও করেছিলেন।
৩৫ বছর বয়সী
সাকিবকে নিয়ে জাতীয় দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ বলেছেন, শুধু
ফিটনেসের দিকে নজর দিলেই সাকিব আরও অনেকদিন খেলতে পারবেন।
মিরপুর শেরে
বাংলায় আজ রবিবার থেকে ৩২ জন স্পিনার নিয়ে ক্যাম্প শুরু করেছেন হেরাথ। এখান
থেকে বাছাই করা হবে নতুন প্রতিভা। আসন্ন উইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকছেন
না হেরাথ। তিনি এই সফর থেকে ছুটি নিয়েছেন। দিনশেষে সাংবাদিকদের মুখোমুখি
হয়ে সাকিব প্রসঙ্গে হেরাথ বলেন, 'সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। সবসময়ই
প্রত্যাশা পূরণ করে। তাকে স্রেফ নিজের ফিটনেস নিয়ে ভাবতে হবে। ফিটনেস ধরে
রাখতে পারলে সে অনেক দূর যেতে পারে। '
ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে হেরাথ
বলেন, 'খেলা ওয়েস্ট ইন্ডিজ হোক বা বাংলাদেশে, মানসিকতা এরকম থাকতে হবে যে
আমরা (স্পিনাররা) দায়িত্ব নেব ও ভূমিকা রাখব। দায়িত্ব নেওয়াটা শিখতে হবে।
ঘাসের উইকেট হতে পারে, নিষ্প্রাণ ব্যাটিং উইকেট হতে পারে, স্পিনারদের
সহায়তাও থাকতে পারে। উইকেট যেমনই হোক পরিস্থিতি ও কন্ডিশন বুঝে নিজের
শক্তির জায়গা ঠিক রেখে বল করতে হবে। স্পিনারদের সঙ্গে খুব ভালো করে কথা
বলেছি। অন্য কোচদের সঙ্গেও কথা বলেছি। আমি নিশ্চিত, অন্য কোচরা এই সিরিজে
স্পিনারদের দেখভাল করবেন। '