ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কর্মসূচি এগিয়ে নিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়ি
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
কর্মসূচি এগিয়ে নিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িআশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনা মূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের হাতে ৩২ হাজার ৯০৪টি বাড়ি তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তাঁর এই ঘোষণার পর সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় সারা দেশে ভূমি ও গৃহহীন আট লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর, আর ২ শতাংশ জমির মালিকানা।
সরকারের একটি শুভ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে এরই মধ্যে দুই শতক জমির সঙ্গে ঘর পেয়েছে দেশের ভূমিহীন ও গৃহহীন প্রায় এক লাখ ১৭ হাজার ৩২৯ পরিবার। গত মঙ্গলবার গৃহহীনদের ঘর উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘...আমার কাছে ক্ষমতাটা হচ্ছে জনগণের সেবা দেওয়া, জনগণের জন্য কাজ করা। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি...। ’ সারা দেশে একটা সার্ভে করে প্রায় আট লাখের ওপর ছিন্নমূল মানুষ পাওয়া গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকেই ঘর তৈরি করে দেওয়া হবে।   
আশ্রয়ণ প্রকল্পের বাড়িগুলো সরকারের কল্যাণকামী পরিচয় তুলে ধরে। কল্যাণকামী রাষ্ট্র ও সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষকে সেবা দেওয়া। সব মহল থেকেই এই প্রকল্পের প্রশংসা করা হয়েছে। আবার কিছু বিতর্ক সৃষ্টিরও চেষ্টা যে হয়নি তা নয়। অল্পসংখ্যক মানুষের দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে প্রকল্পটির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীতে তেমন উদাহরণ আছে। তবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঘর তৈরি করে দেওয়ার মাধ্যমে সরকারের কল্যাণমুখী পদক্ষেপ প্রমাণিত হয়েছে। এমন আরো কর্মসূচি নিতে হবে।