ক্রিস্টালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে চেলসি
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:41:31 PM
উয়েফা
চ্যাম্পিয়ন্স লিগে তো বলতে গেলে রূপকথা লিখেই ফেলেছিল চেলসি। কিন্তু রিয়াল
মাদ্রিদের মাঠে শেষ মুহূর্তের ম্যাজিকে আর সেটা সম্ভব হয়নি। তবে চেলসি
নিজেদেরকে এখন হারিয়ে ফেলতে শেখেনি। ইংলিশ এফএ কাপ সেমিফাইনালের লড়াইয়ে
ঠিকই নিজেদের জাত ছিনিয়েছে।
ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টানা
তৃতীয়বার ফাইনালে পৌঁছে গেছে ব্লুজরা। ফাইনালে তাদের অপেক্ষায় ছিল
লিভারপুল। যারা আগেরদিন ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে উঠেছে
ফাইনালে।
১৪ মে অনুষ্ঠিত হবে এফএ কাপের ফাইনাল। গত ফেব্রুয়ারিতে
ক্যারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি এবং লিভারপুল। ওই ম্যাচে
ব্লুজদের টাইব্রেকারে ১১-১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।
চেলসির হয়ে দুটি জয়সূচক গোল করেন রুবেন লফটাস চেক এবং ম্যাসন মাউন্ট। তিন বছর পর এই প্রথম কোনো গোল করলেন লফটাস চেক।
রিয়াল
মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে
পারেনি চেলসি। বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তবুও এই জয় তাদের
কাছে পরাজয়েরই সমান। যার ফলে চেলসির ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল। ক্রিস্টাল
প্যালেসকে পেয়ে আত্মবিশ্বাস বাড়ানোর কাজটি সেরে নিতে পেরেছে থমাস টুখেলের
শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলছাড়া। ওয়েম্বলি স্টেডিয়ামে
ম্যাচের একঘণ্টা পার হওয়ার পর, ৬৫তম মিনিটে এসে গোলের তালা খোলেন পরিবর্তিত
খেলোয়াড় রুবেন লফটাস চেক। কাই হ্যাভার্টজের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টাল
প্যালেসের জালে বল জড়িয়ে দেন তিনি।
ম্যাসন মাউন্ট গোল করেন এর ঠিক ১০
মিনিট পরই। ক্রিস্টাল প্যালেসের ডিফেন্সকে ভেঙে তছনছ করে অসাধারণ গোলটি আসে
ম্যাসনের পা থেকে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে গোলসংখ্যা আরও একটি বাড়িয়ে
নিতে পারতেন রোমেলু লুকাকু। কিন্তু তার শটটি ডান পাশের পোস্টে লেগে ফিরে
আসে।
লফটাস চেক ম্যাচের পর বলেন, ‘আমরা আবারও ফাইনালে লিভারপুলকে
পেয়েছি। খুবই সহজ, আগের ম্যাচটা ছিল ফ্যান্টাস্টিক ফাইনাল। আশা করি আরও
একটি দুর্দান্ত ম্যাচ দেখবো আমরা।’
চেলসি কোচ থমাস টুখেল বলেন, ‘এটা
মোটেও সহজ কাজ ছিল না। আমরা গত কয়েকদিনে তিনটি ভিন্ন টুর্নামেন্টে ভিন্ন
তিনটি ম্যাচ খেলেছি। এটা কোনো সহজ কাজ নয়। শারীরিকভাবেই আমাদের জন্য
চ্যালেঞ্জিং ছিল। আমি মনে করি, ইউরোপে গত কিছুদিনে আমরাই সবচেয়ে বেশি মাঠে
ছিলাম।’
‘তবুও আমি মনে করি, পারফরম্যান্সটা খুবই ছিল খুবই নিয়ন্ত্রণের
মধ্যে। আমরা তাদের কাউন্টারঅ্যাটাকগুলোকে নজরে রেখেছিলাম। এটা খুবই কঠিন,
প্রতিপক্ষ তাদের স্টাইল দু’বার পরিবর্তন করেছে। আপনি কোনোভাবেই এক মিনিটের
জন্যও নিজের ফোকাস সরাতে পারবেন না এমন ম্যাচ থেকে।’