শ্রীলঙ্কা এশিয়া কাপের আয়োজক হবে কি না, বলতে হবে ২৭ জুলাইয়ের মধ্যে
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
অর্থনৈতিক
সংকটের কারণে গোটা শ্রীলঙ্কায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমে পড়েছে
হাজার হাজার জনতা। অথচ এই দেশটিতে আগামী ২৭ আগস্ট শুরু হওয়ার কথা
টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বীপরাষ্ট্রটি এশিয়ার সর্ববৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা
আয়োজন করতে পারবে কি না সেই সিদ্ধান্ত জানাতে তাদের ২৭ জুলাই পর্যন্ত সময়
দেওয়া হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও প্রয়োজনীয় জ্বালানির ঘাটতি এবং
বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে চলছে
গণবিক্ষোভ। সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে আপামর জনতা। এমনকি
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট গ্রেট অর্জুনা রানাতুঙ্গা ও সনাৎ জয়াসুরিয়াও
মিছিলে যোগ দিতে রাস্তায় নেমেছেন।
এই পরিস্থিতিতে দেশটিতে এশিয়া কাপ
আয়োজন নিয়ে তীব্র শঙ্কা দেখা গেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি ঘনিষ্ঠ
সূত্রে জানা গেছে, এসিসির কর্মকর্তারা সবসময় যোগাযোগ রাখছেন শ্রীলঙ্কা
ক্রিকেট বোর্ড সদস্যদের সঙ্গে, যারা এখনও এশিয়া কাপ আয়োজনে আশাবাদী।
ওই
সূত্র বলেছেন, ‘এখন যে অবস্থা, তাতে সত্যিই বলা কঠিন যে তারা এশিয়া কাপ
আয়োজন করতে পারবে। আমি যতটুকু জানি তারা এই ইস্যু নিয়ে আশাবাদী এবং খুব
ইতিবাচক। সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় হাতে আছে কিন্তু একই সঙ্গে প্রটোকল
অনুযায়ী এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।’
এই শেষ সময় হলো ২৭ জুলাই বলে ওই সূত্র জানান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অপারগতা প্রকাশ করলে অন্য কোথাও তা সরানোর পরিকল্পনা এসিসির।
এই প্রতিযোগিতা ২০২০ সালে শ্রীলঙ্কার আয়োজন করার কথা। কিন্তু করোনার কারণে দুইবার তা স্থগিত হয়। ২০২৩ সালের আসরটি হবে পাকিস্তানে।