ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের আদেশ স্থগিত
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
আলোচিত সেলিম খানের পক্ষে চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ২৫ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এর ফলে এ সময়ের মধ্যে সেলিম খান বালু উত্তোলন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। অপরদিকে সেলিম খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে মেঘনা নদীতে (চাঁদপুর সদর ও হাইমচরে অবস্থিত ২১টি মৌজা এলাকায়) জনস্বার্থে নিজ খরচে হাইড্রোগ্রাফিক জরিপ করতে নির্দেশনা চেয়ে ২০১৫ সালে রিট করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান। ওই রিটে ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে চাঁদপুরের ২১টি মৌজায় অবস্থিত মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
তবে চলতি বছরের ১৫ মার্চ হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার জজ আদালত।