ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই স্পিনারই অলআউট করে দিল বাংলাদেশকে
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।  গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। ফলে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ ২২০ রানের লজ্জাজনক হারের স্বাদ পায়।
প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও সিমন হারমারের তোপে আজ এক ঘন্টাও টিকতে পারেনি বাংলাদেশ।
মহারাজ ৩২ রানে ৭টি ও হারমার ২১ রানে ৩টি উইকেট নেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই দুজন ছাড়া আর কেউ বোলিং করেনি। দুজনের ১৯ ওভারেই শেষ বাংলাদেশের ইনিংস।
৩ উইকেটে ১১ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ।  দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই মুশফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কেশব মহারাজ। পাঁচ বলে রানের খাতা খুলতে পারেননি মুশফিক, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
লিটন অবশ্য রানের খাতা খুলেছিলেন। ২ রান করে তিনিও মহারাজের শিকার। এরপর ইয়াসির আলীকে (৫) বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করে মহারাজ। দলীয় ৩৩ রানে মেহেদী হাসান মিরাজকে ফেরান সিমন হারমার।
তাসকিনকে নিয়ে ১৭ রানের জুটি গড়ার পর বিদায় নেন ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ৫২ বলে এক ছক্কা ও এক চারে ২৬ রান করেন তিনি। খালেদ ফিরেন শূন্য রানে।  আর শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হন ব্যক্তিগত ১৪ রানে।
ম্যাচসেরা হয়েছেন কেশব মহারাজ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।