ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে শাহজাহান নামে এক প্রবাসী ও ছেরাজুল হক নামে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত দুই ব্যক্তির দাবি সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তাদের উপর হামলা চালায়।
এমনকি ব্যবসায়ী ছেরাজুল হকের কাছে থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গত মঙ্গলবার (২৯ মার্চ)
সন্ধ্যায় উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ছেরাজুল হক ছেরু ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দুপুরে বিপুলাসার বাজারের বিসমিল্লাহ মার্কেটের পেছনে তাদের জায়গায় দেয়াল তৈরি করছিলেন। এসময় হেলাল, মাহবুব, হুমায়ুনসহ কয়েকজন মিলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা প্রবাসী শাহজাহানকে মারধর করে রড-সিমেন্ট লুটপাটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী তছনছ করে। একইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাজারের রূপালী ব্যাংকের বিপরীতে জসিমের দোকানের সামনে প্রবাসীর ভাই ব্যবসায়ী ছেরাজুল হক ছেরুর মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ীর মোটরসাইকেল ও সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ জাফর ইকবাল ও ওসি (তদন্ত) রিপন বালাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঐসময় স্থানীয়রা আহত ব্যবসায়ী ছেরাজুল হককে প্রথমে লাকসাম সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি করানো হয় ।
মনোহরগঞ্জ থানার ওসি রিপন বালা বলেন, বিষয়টি আমার জেনেছি। আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিবারের কেউ এখনও কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।