হাইমচরে নলকূপের দুপাশ থেকে বের হচ্ছে গ্যাস
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
মানিক দাস ||
হাইমচর উপজেলার ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আখন বাড়ির নলকূপের পাশের মাটি থেকে গত ৭ দিন ধরে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলেই আগুন জ্বলতে থাকে নলকূপের দুই পাশের ২টি স্থানে পলিথিনে করে গ্যাস সংগ্রহ করে ঘরে নিয়ে গ্যাসের চুলায় লাইন দিয়ে রান্নাও করেন বাড়ির মালিক সুমন আখন।
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর মাধ্যমে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হলে ঘটনাস্থলে গ্যাস বের হওয়া স্থান পরিদর্শন করেন তৈল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানমূলক রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) উপ ব্যাবস্থাপক সালেহ আহম্মেদ, আলমগীর কবির,উপ ব্যবস্থাপক বাকরাবাদ, গ্যাস চাঁদপুরের ইঞ্জিনিয়ার মোঃ জাকারী।
এসময় উপস্থিত ছিলেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।
এ বিষয়ে বাপেক্স ব্যবস্থাপক ছালেহ আহমেদ বলেন, এখানে মাটি থেকে গ্যাস উঠছে এমন একটি এপ্লিকেশন করা হয়েছিলো জেলা প্রশাসকের নিকট। এখানে গ্যাসের পেশার একেবারেই কম থাকায় গ্যাস নেয়া যাচ্ছে না। স্যাম্পলের জন্য গ্যাস নিয়ে গেলে হয়তো পরীক্ষা করে দেখা যেতো এটা কোন ধরনের গ্যাস।