ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বন্দরে লাইটার জাহাজডুবি: ৪ নাবিক এখনও নিখোঁজ
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একদিন আগে সিমেন্ট ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনায় এখনও চার নাবিকের খোঁজ মেলেনি।  
রোববার রাত পৌনে ৯টা পর্যন্ত জাহাজে থাকা ১৩ নাবিক ও ক্রুর মধ্যে মোট ৯ জনকে উদ্ধার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজটির নাবিকদের উদ্ধারে অভিযান রোববার রাতেও চলবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আবদুর রহমান।
কোস্টগার্ড এবং বন্দরের পাইলট বোট নিয়ে উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের এই জাহাজটি ডুবে যায়। ছয়জনকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। পরে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
বন্দর সচিব ওমর ফারুক রোববার রাতে বলেন, “এখনও জাহাজটির চারজন নাবিক ও ক্রু নিখোঁজ আছে। উদ্ধার অভিযান চলমান আছে। ঘটনার পরপরই একজন সাঁতরে অন্য জাহাজে উঠে রক্ষা পান। বাকি আটজনকে উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।”
জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল।
এসময় অন্য কোনো একটি জলযানের ধাক্কায় লাইটারটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বন্দর সচিব।