ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আরও ৬৫০ দাঁতের চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
দেশে দাঁতের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে সাড়ে ছয়শ ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ডেন্টাল কলেজ এবং দেশে একটি ডেন্টাল ইন্সটিটিউট স্থাপনের কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী।
ডেন্টাল সার্জনদের ৬৫০টি পদ সৃষ্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব তাড়াতাড়ি এসব পদে নিয়োগ করা হবে।
“উপজেলা হাসপাতালে একজন মাত্র ডেন্টাল সার্জন রয়েছেন। কিন্তু উপজেলা পর্যায়ে পাঁচ লাখেরও বেশি লোক বসবাস করেন। সেখানে এত মানুষকে সেবা দেওয়া দুষ্কর। জনবল ও যন্ত্রপাতি আধুনিকায়নের ব্যবস্থা করব।”
জাহিদ মালেক বলেন, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মুখ ও দাঁত। কিন্তু সব ধরনের চিকিৎসা গুরুত্বপূর্ণ হলেও দাঁতের চিকিৎসা নিয়ে মানুষ অবহেলা করে।
“দাঁতের কী মর্ম সেটি আমরা বুঝি না। কিন্তু দাঁতে ব্যাথা হলেই দাঁতের মর্ম বুঝা যায়। আমরা দাঁত নিয়ে সচেতন নই। পরিস্কার রাখি না, নিয়মিত ব্রাশ করি না। ডেন্টাল চিকিৎসক যারা আছেন, তারা মানুষকে অবশ্যই দাঁতের গুরুত্ব তুলে ধরবেন।”
তিনি বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি ডেন্টাল ইউনিটের জায়গায় ডেন্টাল কলেজের অনুমোদন হয়েছে। এ দুটি কলেজের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দেশে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানায়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে।
“ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীকে জোরালোভাবে বলব। আমি মনে করি তার আগে একটি কাজ হতে পারে- বড় একটি ডেন্টাল ইনস্টিটিউট হতে পারে। কিডনি, ক্যান্সার, চক্ষু, হৃদরোগসহ অনেক ইনস্টিটিউট আছে।
“ডেন্টাল ইন্সটিটিউট হলে চিকিৎসা এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে। এটি আমি নিজেই করে দিতে পারব। আশ্বস্ত করতে চাই যে দেশে একটি ডেন্টাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।”