আইপিএল খেলার ভিসা পাচ্ছেন না মঈন আলী
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হবে ২৬ মার্চ। ইতোমধ্যেই অনুশীলনে
নেমে গেছে দলগুলো। তবে শঙ্কায় আছে চেন্নাই সুপার কিংস। তাদের দলের ইংলিশ
ক্রিকেটার মঈন আলী এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেনি। আটকে গেছেন ভিসা
জটিলতায়।
অনেকদিন আগেই ভিসার জন্য আবেদন করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
তার সেই আবেদন আটকে গেছে ইংল্যান্ডের ভারতীয় হাইকমিশনে। বিষয়টি নিয়ে মহা
চিন্তায় পড়েছে সিএসকে ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে অভিজ্ঞ তারকাকে না পাওয়ার
শঙ্কায় ভুগছে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী
কাশি বিশ্বনাথন বলেন, 'মঈন আলী ২৮ ফেব্রুয়ারি ভিসার জন্য কাগজপত্র জমা
দিয়েছিলেন। ২০ দিন হয়ে গেছে। তারপরও ছাড়পত্র পাচ্ছেন না। অথচ তিনি প্রায়ই
ভারতে আসেন।'
বিশ্বনাথন বলেন, 'মঈন কথা দিয়েছেন ছাড়পত্র হাতে পেলেই
ভারতের বিমানে উঠবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও এই বিষয়ে আমাদের সাহায্যের
জন্য এগিয়ে এসেছে। আশা করছি সোমবারের মধ্যে তিনি ছাড়পত্র পেয়ে যাবেন।'
আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামের আগে মঈনকে ৮ কোটি রুপি দিয়ে ডিরেক্ট
সাইনিংয়ে দলে ভেড়ায় সিএসকে। আইপিএলের গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই।
ওই আসরে দুর্দান্ত খেলেছেন তিনি।