এশিয়ান ফেডারেশন কাপ হকি ওমানকে হারিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM
ম্যাচে
তখন ১-১ গোলের সমতায়। নির্ধারিত সময় প্রায় শেষ। এগিয়ে যাওয়ার মতো আক্রমণ
তুলেছে ওমান। গোলরক্ষক বুদ্ধিমত্তায় ওই আক্রমণ ভেস্তে দেন। ম্যাচের ভাগ্য
তখন টাইব্রেকারে। ওই ভাগ্য নিজেদের পক্ষে এনেছে বাংলাদেশ হকি দল।
টাইব্রেকারে ওমানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে এশিয়ান ফেডারেশন কাপ হকিতে টানা
চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে।
প্রথম তিন শট নিয়েই গোল করে
দুই দল। চতুর্থ শট থেকেও গোল করে বাংলাদেশ তখন লিডে। ওমানের চতুর্থ শটনি
নিতে আসেন সুমাইয়া বাইত। তিনি বাইরে শট নিতেই উল্লাসে ভাসে বাংলাদেশ। এরপর
আনন্দ ইমান গোবিনাথান কৃঞ্চমুর্তির দল পঞ্চম শট থেকে গোল করেই ভাসে
চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে।
গ্রুপ পর্বে এই ওমানের বিপক্ষে ৩-২ গোলে
জিতেছিল জিমিরা। রোববার ফাইনালের মঞ্চে শুরুতে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের
১৪ মিনিটে সোহানুর সবুজ গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ওমান। ১৯
মিনিটে আল ফাহাদের গোলে সমতা ফেরে তারা।
এরপর রক্ষণ সামলে খেলতে থাকে
বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ওমান একচেটিয়া প্রভাব বিস্তার করে। চতুর্থ
কোয়ার্টারে বাংলাদেশ ছন্দে ফেরে। তবে এগিয়ে যেতে পারেনি। টাইব্রেকারে
বাংলাদেশের ফরহাদ আহমেদ, সোহানুর সবুজ, রোমান সরকার, নাঈম হোসেন ও মিমো গোল
করেন। এই জয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। ২৩ মে জাকার্তায়
আট দল নিয়ে হবে এশিয়া কাপ।