রোমাঞ্চকর ম্যাচ জিতে কিংসের টানা ‘আট’
Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM
প্রিমিয়ার লিগে
জয়রথ ছুটছেই বসুন্ধরা কিংসের। আজ বুধবার কিংস অ্যারেনায় সাইফ স্পোর্টিংকে
৪-৩ গোলে হারিয়ে চলতি লিগে টানা অষ্টম জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
কিংসের হয়ে জোড়া গোল মতিন মিয়ার, বাকি দুটি রবসন রোবিনহো ও খালেদ শাফির।
সাইফের হয়ে গোল করেছেন এমফন সানডে, ফাহিম ও রাফি।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে সাইফ স্পোর্টিং।
আগের
৭ ম্যাচেই জয় পাওয়া কিংস এদিন ঘরের মাঠে তিন মিনিটেই এগিয়ে যায়। সোহেল
রানার বাড়ানো পাস ধরে সাইফের ডিফেন্ডারদের দর্শক বানিয়ে বক্সে ঢুকে ডান
পায়ের নিচু শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন রবসন রোবিনহো। চলতি লিগে ৯ গোল
নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন এই ব্রাজিলিয়ান। ১৮ মিনিটে কিংস
রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। আসরোর গফুরভের
থ্রু বল অফসাইড ফাঁদ ভেঙে বলের নিয়ন্ত্রণ নিতে গেলে ফয়সাল আহমেদ ফাহিমকে
ফেলে দেন জিকো, সেখানে বল পেয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান
ফরোয়ার্ড এমফন সানডে।
২৬ মিনিটে মতিন মিয়ার গোলে আবারও ব্যবধান বাড়ায়
বসুন্ধরা কিংস। সাইফের মিডফিল্ডার মেরাজের ব্যাক পাস ঠিকমতো নিয়ন্ত্রণ নিতে
না পারেনি নাসিরুল, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে সাইফের দুই ডিফেন্ডারকে
কাটিয়ে দূরের পোস্টের ওপরের দিকে লক্ষ্যভেদ করেন মতিন মিয়া। প্রথমার্ধের
শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিমের প্রচেষ্টা অল্পের জন্য জাল খুঁজে পায়নি।
দ্বিতীয়ার্ধের
শুরুতে আরো আক্রমণাত্মক বসুন্ধরা। পাঁচ মিনিটের মধ্যে দু'দফা আক্রমণে যায়
কিংস। ৪৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিপলু আহমেদ। গোলরক্ষক শান্তকে বোকা
বানিয়ে বল নিয়ন্ত্রণে নেন বিপলু, সামনে ছিলেন শুধু রিয়াদুল রাফি। পোস্টের
দুই পাশে না মেরে সরাসরি রাফির গায়ে মেরে গোলের সুযোগ নষ্ট করেন বিপলু। দুই
মিনিট বাদেই রোবিনহোর নিচু ক্রস দূরের পোস্টে পা লাগাতে পারেননি মতিন মিয়া
ও ইয়াসিন আরাফাত। বল চলে যায় টাচ লাইনের বাইরে। ৫৫ মিনিটে জামাল ভুঁইয়ার
ভুলে আবারও গোল হজম করে সাইফ। নিজেদের বক্সের ভেতরে বল পেয়ে সতীর্থের
উদ্দেশ্যে বাড়াতে গিয়ে বল তুলে দেন মতিন মিয়ার পায়ে, সেখান থেকে সহজেই জালে
জড়ান এই স্ট্রাইকার। গতকাল হাভিয়ের কাবরেরার স্কোয়াড থেকে বাদ পড়ার পর দুই
গোল করে একপ্রকার জবাব দিলেন মতিন।
সাত মিনিটের মধ্যে দুই গোল করে
দারুণভাবে ম্যাচে ফিরে আসে সাইফ। ৫৯ মিনিটে এমফন সানডের পাসে দূরের পোস্টে
অরক্ষিত থাকা ফয়সাল আহমেদ ফাহিম সহজেই বল জালে জড়ান। ৬৭ মিনিটে জামাল
ভুঁইয়ার কর্নার মেরাজের মাথা ছুঁয়ে আসা বল জিকো ফিস্ট করলে বল পেয়ে যান
রিয়াদুল রাফি। নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে সাইফকে সমতায়
ফেরান এই ডিফেন্ডার।
৭৬ মিনিটে ভ্রানিয়েসের হেড দারুণভাবে কর্নারের
বিনিময়ে ঠেকিয়ে দেন শান্ত। তবে পরের মিনিটে কিংসকে জয়সূচক গোলটি এনে দেন
খালেদ শাফি। রোবিনহোর কর্নারে শাফির হেড এমেরি বাইসেঙ্গের গায়ে লেগে বল
জালে জড়ায়। শেষ দিকে ইব্রাহিমের শট ফিরিয়ে দেন শান্ত। বাকি সময়ে আর ঘুরে
দাঁড়াতে পারেনি সাইফ স্পোর্টিং।