মেহেদি-রাকিবুলদের ঘূর্ণিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM
মিরপুরে
নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেছে বর্তমান
চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তবে আরেক নবাগত সিটি ক্লাবকে পাত্তাই দেয়নি
শিরোপাপ্রত্যাশী দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে ৫০ রানের জয়ে
প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করলো প্রাইম ব্যাংক।
সাভারের বিকেএসপিতে তিন
নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব। যেখানে আগে ব্যাট
করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে প্রাইম ব্যাংক। জবাব
দিতে নেমে ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে গেছে সিটি ক্লাব।
২৬৬ রানের
লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার শাহরিয়ার কোমল ও তৌফিক খান তুষার মিলে ৭
ওভারে ৪২ রান এনে দিয়েছিলেন সিটি ক্লাবকে। ২৯ রান করা তুষারকে ফিরিয়ে জুটি
ভাঙেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। আরেক ওপেনার কোমলকে (২৩) ফেরান শেখ
মেহেদি হাসান।
এরপর মইনুল ইসলাম সোহেল ৩১, রাজিবুল ইসলাম ২৬ ও অধিনায়ক
জাওয়াদ রুয়েল ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললেও ২১৫ রানের বেশি করতে পারেনি
সিটি ক্লাব। তাদেরকে ২৮ বল আগেই অলআউট করে জয়ীর বেশে মাঠ ছেড়েছে প্রাইম
ব্যাংক।
অফস্পিন জাদুতে মেহেদি হাসান নিয়েছেন ৩ উইকেট। এছাড়া বাঁহাতি
স্পিনার রাকিবুল ও লেগস্পিনার অলক কাপালির শিকার ২টি করে উইকেট। ম্যাচসেরার
পুরস্কারও উঠেছে মেহেদির হাতে। তিনি ব্যাট হাতেও করেছিলেন ১৬ বলে ২৭ রান।
ম্যাচের
প্রথম ইনিংসে ফিফটি পেরিয়েছিলেন একমাত্র এনামুল হক বিজয়। তিনি সাজঘরে
ফেরার আগে ৮২ বল থেকে করেন ৬০ রান। এছাড়া ভারতীয় রিক্রুট অভিমান্যু ইশ্বর
৩০, নাসির হোসেন ৩২, শামসুর রহমান শুভ ৪৫ ও অলক কাপালি করেন ৪০ রান।