দুই বিধবা নারীর পাশে সমাজসেবক ইমন খাঁন
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
দারিদ্রের কষাঘাতে জীবন-যাপন করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রফিয়া বেগম ও তার বোন জায়েদা খাতুন (৬৫)। স্বামী সন্তান কেউ নাই। তাই থাকেন কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রামের উত্তর পাড়ার একটি খুপড়ি ঘরে। ভিক্ষাবৃত্তি করে আধাপেট খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হলে অসহায় দুই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন গুঞ্জর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাইফুল করিম খাঁন ইমন।
শনিবার সকালে বৃদ্ধাদ্বয়ের ভাঙ্গা ঘরে এক মাসের বাজার নিয়ে হাজির হন সাইফুল করিম খাঁন ইমন। খোঁজ খবর নিতে গিয়ে নগদ অর্থ সহায়তাও দেন তিনি। এ সময় ইমন খাঁন দুই বিধবা নারীর মাথায় হাত বুলিয়ে বলেন, আপনারা কোন চিন্তা করবেন না। যখন যা লাগবে আমার বাড়িতে চলে যাবেন। আমি আপনাদের পাশে থাকব। ইমন খানের কাছ থেকে সাহায্য পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বিধবা রফিয়া বেগম ও জায়েদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া। তিনিও ওই দুই বিধবা নারীর ভাতার কার্ড করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, ২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন ওই দুই বোন। স্বামীর পরিবারের কেউ না থাকায় তারা বাবার বাড়িতে চলে আসেন। দরিদ্র পিতা-মাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর। ওই ঘর এখন জরাজীর্ণ, বৃষ্টি এলে পানি গড়িয়ে পড়ে।