বরকামতা ১৪দিন ব্যাপী হরিনাম সংকীর্তণে লক্ষ মানুষের সমাগম
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বরকামতা শ্রী শ্রী দুর্গা বাড়ির ১৪দিন ব্যাপী ৫৬তম হরিনাম সংকীর্তণ চলছে।
১ মার্চ থেকে শুরু হওয়া ১৪দিন ব্যাপী ১১২ প্রহর হরিণাম মহাযজ্ঞানুষ্ঠানের শেষ দিকে প্রতিদিন লক্ষ ভক্ত দর্শাণার্থীদের ঢল নামে। আগামী ১৫ মার্চ ভোর ৫টায় শেষ হবে বাংলাদেশের সর্ব বৃহৎ ১১২ প্রহরের হরিনাম সংকীর্তণ।
শ্রী শ্রী দুর্গাবাড়ি কার্যকরী কমিটির সভাপতি সুনীল চন্দ্র সাহা জানান, ১৩৩৫ বাংলা সনে বরকামতা গ্রামের ভক্ত প্রবর শ্রী বিপিন চন্দ্র দাস স্বপ্ন যোগে আদিষ্ট হয়ে নিজ বাড়িতে শ্রী শ্রী দুর্গা দেবীর পূজা অর্চনা শুরু করেন। প্রতি বছর দুর্গা পূজা শেষে মায়ের বিসর্জন দিয়ে আসছেন। ১৩৭৩ বাংলা সনের নবমী পূজার রাতে দেবী দুর্গাকে বিসর্জন না করতে এবং প্রতি বছরের শিব চতুদ্দর্শী থেকে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তণ শুরু করতে আবারও স্বপ্নাদিষ্ট হন বিপিন চন্দ্র দাস। তখন থেকে বরকামতা শ্রী শ্রী দুর্গা বাড়িতে শুরু হয় ৫৬ প্রহর হরিনাম সংকীর্তন।
মাত্র চার বছর অতিবাহিত হতে না হতে ১৩৭৭ বাংলা সনের শ্রাবন মাসে শ্রী শ্রী জনন্নাথের স্বপ্নাদেশে ৫৬ প্রহরের পরিবর্তে ১১২ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আদেশ প্রাপ্ত হন বিপিন চন্দ্র দাস। প্রথমে তিনি নিজের সহায় সম্বল বিক্রি করে পরিচালনা করলেও পরবর্তীতে গঠিত হয় বরকামতা দুর্গা বাড়ি সমিতি। ওই সমিতি থেকেই চলছে প্রতিদিনের পূজা অর্চনা ও বাৎসরিক ১১২ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তণ। ভক্তদের অনুদান ও প্রচেষ্টায় দিনে দিনে এগিয়ে যাচ্ছে দুর্গা বাড়ির অবকাঠামো।
সভাপতি আরও জানান, ভক্তদের পাশাপাশি প্রশাসন ও রাজনৈতি নেতৃবৃন্দের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় প্রতি বাৎসরিক হরিনাম সংকীর্তনও সম্পন্ন হয় বেশ জাকজমক পূর্ণ পরিবেশে। কীর্তণের শেষ দিকে প্রতিদিন লক্ষ ভক্তদর্শণার্থীদের উপস্থিতিতে মুখর হয় দুর্গা বাড়ির আঙ্গিনা। দুর্গা বাড়ির ১৪দিন ব্যাপী ১১২ প্রহর হরিনাম সংকীর্তণ দেশব্যাপি সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী।