ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবারও হারল শেখ রাসেল
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
আবারও হারল শেখ রাসেলহারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না প্রায় ১০ কোটি টাকায় গড়া শেখ রাসেল। শিরোপার জন্য খেলতে নামা দলটির বেহাল অবস্থা। গতকাল (শনিবার) তারা ৩-০ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেয়েছে হোঁচট। গোলশূন্য ড্র করেছে উত্তর বারিধারার সঙ্গে।
আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলের খেলোয়াড়দের মধ্যে জয়ের তাড়না কমই দেখা গেছে। বরং মুক্তিযোদ্ধা সংসদ উজ্জীবিত হয়ে খেলেছে।
ম্যাচ ঘড়ির ২২তম মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। জাপানি মিডফিল্ডার ওতানির শট গোলকিপার আশরাফুল ইসলাম রানার গ্লাভস ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় রাজা ইসার দল।
৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। তেতসুয়াকি মিসুয়ার ফ্রি কিক রানা ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন দিদারুল ইসলাম।
৮১ মিনিটে সজীবের গোলে মুক্তিযোদ্ধা সংসদের স্কোরলাইন ৩-০। তাতেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় একসময়ের ট্রেবল জয়ীরা।
এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে উত্তর বারিধারা।
আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। আর টানা পাঁচ ম্যাচ হারে শেখ রাসেল ৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।