ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একই পরিবারের ১৪ সদস্যকে অচেতন করে টাকা-স্বর্ণ লুট
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
ফরিদপুুরের মধুখালীতে একই পরিবারের ১৪ সদস্যকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১১ মার্চ) অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।
এরআগে বুধবার (৯ মার্চ) দিনগত রাতে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজাদ মোল্লা গংদের পরিবারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের আজাদ মোল্যা গংদের পরিবারের ১২ সদস্য আজাদ, আব্দুর রহমান, রইচ মোল্যা, খুরশিদা, অন্তরা, আয়েশা, রাব্বী, আল আমিন, ছালেহা, মরিয়ম সুলতানা, আজিজুল ও তাদের দুই কৃষিশ্রমিক হান্নান ও রহমান রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। ওই রাতে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণ ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী আজাদ মোল্যা বলেন, ‘কে বা কারা খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে আমার বাড়ির সবাই অচেতন হয়ে পড়ে। এরপর থেকে আমরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ সুযোগে রাতেই সাত থেকে আট ভরি স্বর্ণ ও নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৮। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন, ‘এ রকম ঘটনা ঘটেছে বলে শুনেছি। অসুস্থরা পুরোপুরি সুস্থ না হলেও তারা বাড়িতে ফিরে গেছেন।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে আজাদ মোল্যা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি এজাহার দিয়েছেন। দোষীদের শনাক্তে চেষ্টা চলছে।