ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছবি পাল্টে অন্যের হয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, আটক ২
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে আরেকজনের হয়ে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল উদ্দিন। অপর জনের নাম আব্দুল কাদের রিমন (২৫), তবে তার পরিচয় জানানো হয়নি।
শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্বে) পীযূষ কুমার চৌধুরী জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে এসেছিলেন জালাল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে তিনি বলেন, “পাঁচ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেছেন চবি শিক্ষার্থী জালাল।
“মূল প্রবেশপত্রের ছবি এডিট করে নিজের ছবি বসিয়ে জালাল পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা কেন্দ্রে হাজিরা তালিকার ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার গড়মিল ধরা পড়ে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সন্দেহ দূর করতে পরীক্ষার হাজিরা তালিকার তথ্য এবং প্রবেশ পত্রের ছবিসহ অন্যান্য সবকিছু এসময় মিলিয়ে দেখা হয়।
“পরে দেখা যায় রশিদ নামের এক প্রার্থীর হয়ে জালাল পরীক্ষা দিতে এসেছেন,” যোগ করেন পীযূষ কুমার।
পরে জালালের দেওয়া তথ্য অনুযায়ী ‘প্রক্সি পরীক্ষায়’ জড়িত একটি চক্রের সদস্য রিমনকে আটক করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।