তিন দিনেই জিতলো ভারত
Published : Monday, 7 March, 2022 at 12:00 AM
মোহালিতে
সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বলের পারফরম্যান্সে আলো ছড়ালেন কেবল
একজন-রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৭৫ রানের ইনিংসের পর বল
হাতেও লঙ্কানদের নাভিশ্বাস তুলে ছাড়লেন ভারতীয় অলরাউন্ডার। দুই ইনিংস মিলে
নিলেন ৯ উইকেট! তার রেকর্ড গড়া পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে তিন দিনের মাঝে
এক ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল।
প্রথম ইনিংসে ৮ উইকেটে
ভারতের ৫৭৪ রানের পর শ্রীলঙ্কার তৃতীয় দিনের শুরুটা খারাপ ছিল না। ৪ উইকেটে
১০৪ রান নিয়ে পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কার ব্যাটিং ভয়-ই ছড়াচ্ছিল
ভারতের মনে। কয়েক ওভার যাওয়ার পর আসালঙ্কাকে সাজঘরে ফিরিয়ে দৃশ্যপটে বদল
আনে জসপ্রীত বুমরাহ। তার পর জাদেজার এক ওভারে বিদায় নেন আরও দুজন। এই
ওভারেই নিশ্চিত হয়ে যায় লঙ্কান ব্যাটিংয়ের ভবিষ্যৎ। পাথুম নিসাঙ্কা ৬১ রানে
ক্রিজে থাকলেও বাকিরা ফিরে গেছেন ব্যর্থ ভঙ্গিতে। লঙ্কানদের প্রথম ইনিংস
শেষ হয় ১৭৪ রানে। ৪১ রানে রবীন্দ্র জাদেজা একাই নেন ৫ উইকেট। দুটি করে নেন
জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। একটি নেন মোহাম্মদ সামি।
ফলোঅনে
পড়ে যাওয়া দ্বিতীয় ইনিংসেও ভালো কিছু ছিল না লঙ্কানদের ব্যাটিংয়ে। শুধু ৫১
রানে অপরাজিত ছিলেন নিরোশান দিকবেলা। বাকিরা প্রতিরোধ গড়তে না পারায় ১৭৮
রানে শেষ হয়েছে দলটির দ্বিতীয় ইনিংস। ৪৭ রানে ৪ উইকেট নেন অশ্বিন, সমসংখ্যক
উইকেট নেন জাদেজাও। তিনি দিয়েছেন ৪৬ রান। মোহাম্মদ সামি নেন দুটি উইকেট।
মোহালি
টেস্ট আবার ছিল ভারতের মাইলফলকেরও। কোহলির শততম টেস্টে ম্যাচসেরা
পারফরম্যান্স করা জাদেজা এদিন ইতিহাসও গড়েছেন। তার অপরাজিত ১৭৫ রানেই ৮
উইকেটে ৫৭৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করছিল ভারত। তার পর বল হাতেও দ্যুতি
ছড়িয়ে এক ইনিংসে ১৫০+ রান ও ৫ উইকেট নেওয়া টেস্টের মাত্র ষষ্ঠ ক্রিকেটার
হিসেবে নাম লিখিয়েছেন। আবার একই টেস্টে কিংবদন্তি কপিল দেবকে (৪৩৪) টপকে
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন অশ্বিন (৪৩৬)।