সতীর্থকে হুমকির পরও স্মিথ বললেন ‘পাকিস্তান নিরাপদ’
Published : Thursday, 3 March, 2022 at 12:00 AM
‘যেখানে
বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়’- সতীর্থ অ্যাশটন অ্যাগার হুমকি পাওয়ার পর
স্টিভ স্মিথের এমন কিছু ভাবাটাই ছিল স্বাভাবিক। কিন্তু স্মিথের তাতে বয়েই
গেছে। সময়ের অন্যতম সেরা ব্যাটারের মতে, তার সতীর্থরা পাকিস্তানে ‘অত্যন্ত
নিরাপদ’ বোধ করছেন।
রোববার সন্ধ্যায় লাহোর বিমানবন্দরে পৌঁছায় ২৪ বছর
পর পাকিস্তান সফর করা অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই দেশে পৌঁছাতে না
পৌঁছাতেই অ্যাশটন অ্যাগারের স্ত্রী মেডেলিনকে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ড, সরকারি
নিরাপত্তা কর্মীরা হুমকির বার্তাটিকে গুজব বলে উড়িয়ে দেয়।
রাওয়ালপিন্ডিতে
আগামী ৪ মার্চ শুরু হওয়া প্রথম টেস্টকে সামনে রেখে মঙ্গলবার স্মিথ বলেছেন,
‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা এই
ব্যাপারে সতর্ক। আমাদের নিরাপত্তায় অনেক লোক এখানে কাজ করছে। তাদের ওপর
আমাদের ভরসা আছে। পাকিস্তানে আমরা অত্যন্ত নিরাপদে আছি।’
স্মিথের মতো
আরও অনেকেই প্রথমবারের মতো পাকিস্তানে ক্রিকেট খেলতে এসেছেন। এ ব্যাপারে
অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়কের ভাষ্য, ‘এখানে ক্রিকেট খেলতে এসে খুবই ভালো
লাগছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সিরিজ খেলতে। পাকিস্তান কতটা ক্রিকেট
পাগল জাতি, তা আমরা সবাই জানি।’
২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলার
পর থেকে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত ছিল। মাঝে ক্রিকেট
ফেরানোর মিশনে নিজেদের দেশে জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ, শ্রীলঙ্কা, দক্ষিণ
আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে স্বাগত জানিয়েছে তারা।
কিন্তু গত
সেপ্টেম্বরে নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল
আবারও পুরোনো শঙ্কাকে উসকে দেয়। তবে অস্ট্রেলিয়া দল রোববার লাহোর
বিমানবন্দরে পা রাখলে কেটে যায় শঙ্কার মেঘ।