ইউক্রেনের সমর্থনে জার্সি খুললে কার্ড দেখাবেন না রেফারি
Published : Wednesday, 2 March, 2022 at 12:00 AM
ইউক্রেনে
হামলা চালিয়েছে রাশিয়া। এই আগ্রাসনের প্রতিবাদে এরই মধ্যে উঠেছে নিন্দার
ঝড়। বিভিন্ন সংগঠন ও সংস্থা বয়কটও করছে রাশিয়াকে। এরই মধ্যে রাশিয়া জাতীয়
দল ও সে দেশের সব ক্লাবকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।
এবার ইউক্রেনের সমর্থনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
ইউক্রেনের
সমর্থনে জার্সি খুললেও কার্ড দেখাবেন না রেফারিরা। প্রিমিয়ার লিগের
রেফারিদের বলা হয়েছে, ইউক্রেনের সমর্থন জোগাতে খেলোয়াড়দের যেন বাধা না
দেওয়া হয়। এরই মধ্যে অনেক তারকা ফুটবলার ইউক্রেনের সমর্থনে আওয়াজ তুলেছেন।
চেলসি ও লিভারপুলের মধ্যকার কারাবাও কাপের ফাইনালে যুদ্ধ বন্ধের আহ্বান
জানানো হয়। ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা ‘যুদ্ধ নয়’ লেখা টি-শার্ট পরে
খেলতে নেমেছেন। ইউক্রেনের পতাকার রং হলুদ ও নীল গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন
এভারটনের খেলোয়াড়রাও।
পোল্যান্ড জাতীয় দলের ফুটবলার থমাস কেদজিয়োরা
বর্তমানে খেলছেন ইউক্রেনের ক্লাব ডায়োনামো কিয়েভের হয়ে। তার পরিবার
বর্তমানে ইউক্রেনে অবস্থান করছে। জাতীয় দলের সতীর্থের এই দুঃসময়ে প্রিমিয়ার
লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে গোল করে জার্সি খুলেছিলেন অ্যাস্টন ভিলার
ম্যাটি ক্যাশ। জার্সির নিচের টি-শার্টে ছিল সতীর্থের পরিবারের প্রতি
সহমর্মিতার বার্তা।
এই ঘটনায় ম্যাটি ক্যাশকে হলুদ কার্ড দেখিয়েছিলেন
রেফারি। তখন বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এর পরই রেফারিদের নির্দেশ দেওয়া
হয় ইউক্রেনকে সমর্থন দেওয়া খেলোয়াড়দের প্রতি সহানুভূতিশীল হতে।